ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ‘যৌথ পরামর্শক কমিশন’ (Joint Consultative Commission—JCC) গঠন করেছে দুই দেশ।
শ্রীলঙ্কায় সরকারি সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) কলম্বোয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। কলম্বোয় শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় দেশের মন্ত্রী সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং দুই সরকারকে মোকাবিলা করতে হওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করেন। একই সঙ্গে এসব চ্যালেঞ্জ উত্তরণে দুই দেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। তাঁরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ‘ব্যাপক সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন’ প্রতিষ্ঠাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো।











