ডেস্ক রিপোর্টঃ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ যোগ দিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz)। পরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। এর আগে একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য COP31 সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সফরকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।











