ডেস্ক রিপোর্টঃ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে জনগণ তাঁদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে। সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রতি দায়িত্বশীলতা, সততা ও মানবিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে এবং সরকারি সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।




পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে চার মাসব্যাপী (১২ জুলাই থেকে ৮ নভেম্বর ২০২৬) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











