ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে দুই দেশের আন্তঃসরকার কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠক। বৈঠকের প্রথম দিন বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ও দ্বিপক্ষীয় ব্যবসায়িক সংলাপের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২৬) অনুষ্ঠিত বিশেষজ্ঞ পর্যায়ের পরামর্শ সভায় বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিরা বিনিয়োগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), শিক্ষা, ক্রীড়াসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব আলোচনার ফলাফল আন্তঃসরকার কমিশনের পঞ্চম অধিবেশনের চূড়ান্ত দলিল বা প্রটোকলে অন্তর্ভুক্ত করা হবে।
একই দিন নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে বাংলাদেশ-রাশিয়া ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান এবং আন্তঃসরকার কমিশনের রুশ অংশের চেয়ারম্যান ইলিয়া শেস্তাকভ বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে রাশিয়া উন্মুক্ত ও আগ্রহী। তিনি রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং এফবিসিসিআইয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উচ্চ প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান সাত্তার মিয়ার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তাঁর প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি সংলাপ বাস্তবভিত্তিক যৌথ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করবে। আর এ ধরনের প্রকল্পই দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা ও কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যবসায়িক সংলাপের পর্বে রাশিয়া ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়িক কার্যক্রম, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে উপস্থাপনা দেওয়া হয়।











