ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার, বিমান যোগাযোগ সম্প্রসারণ, কার্বন ক্রেডিট সহযোগিতা এবং আর্থিক খাতে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে অনাবাসিক সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ (Derek Loh) সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ঢাকা-সিঙ্গাপুর রুটে বিমান যোগাযোগ সম্প্রসারণ, সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা বাড়ানোর সম্ভাবনা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠকে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের কার্বন মার্কেট উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই লাভজনক হবে। এর মাধ্যমে দুই দেশ নিজ নিজ জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত সহযোগিতা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করতে পারবে।
এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রত্যাশা ব্যক্ত করেছে সিঙ্গাপুর।
অন্যদিকে অর্থসচিব ড. মো. খুরশীদুজ্জামান মজুমদারের সঙ্গে বৈঠকে সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক সেবা খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন হাইকমিশনার।
বাংলাদেশ সফরকালে হাইকমিশনার ডেরেক লোহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
এসব বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং (Philip Ong) এবং দেশটির জ্বালানি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের কর্মকর্তারা হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।











