ডেস্ক রিপোর্টঃ
দেশের ১৩টি সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আগামীকাল সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। তবে বর্তমানে চলাচলরত রিকশার মালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বৈধ ও অবৈধ—উভয় ধরনের রিকশাই আপাতত চলাচল করতে পারবে।
নিবন্ধন ফি সম্পর্কে তিনি জানান, দুই যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।
ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল ব্যবস্থা, নির্দিষ্ট রুট এবং ই-রিকশার জন্য পৃথক রং নির্ধারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে।
প্রতিমন্ত্রী জানান, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচলের অনুমতি পাবে না। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং এসব যানবাহনের সর্বোচ্চ অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
ই-রিকশার নিবন্ধন, রুট ব্যবস্থাপনা ও গতিসীমা নির্ধারণের মাধ্যমে নগর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।











