October 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • তৈরি পোশাক, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ-স্পেন সহযোগিতার সম্ভাবনা

তৈরি পোশাক, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ-স্পেন সহযোগিতার সম্ভাবনা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে স্পেনের শেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ডি. ফ্রান্সিসকো হেরেরো লেয়নের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

বৈঠকে বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধশিল্প, চামড়াশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানিকে সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের পাটজাত পণ্যের সম্ভাবনা, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে শেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে প্রতিবছর অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি স্পেনের শেভিল শহরে বাংলাদেশের সম্ভাবনা, পণ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরতে একটি প্রদর্শনী আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং শেভিল চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের আধুনিকায়ন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা, তথ্য বিনিময় এবং শেভিল চেম্বারের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

Scroll to Top