October 27, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর (Dr. Tanaka Akihiko) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা, অগ্রাধিকারমূলক প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই (Hara Shohei) এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের জুলাইয়ে জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা ও জাইকার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব (Bangladesh–Japan Skills Partnership) গড়ে তোলা এবং প্রযুক্তি ও উদ্ভাবন নগরী (Technological Village and Innovation City) প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ।

কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতেও জাপানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীল খাতগুলোর বিকাশে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার সম্ভাবনা তুলে ধরা হয়।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের মতো বাজেট সহায়তা প্রদানের জন্যও জাপানের প্রতি অনুরোধ জানানো হয়।

জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ও উদ্ভাবন, কৃষি এবং জ্বালানি খাতে প্রস্তাবিত উদ্যোগগুলো বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এসব উদ্যোগ দুই দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জন এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top