October 19, 2026

শিরোনাম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

Image

ডেস্ক রিপোর্টঃ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় ইশরাক হোসেন বলেন, দল যেন বিব্রত না হয়, সে জন্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা জানান ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ইশরাক হোসেন জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-৬ সংসদীয় আসনের আওতাধীন রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে।

তবে পদত্যাগের ঘোষণার পরও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকার অবস্থান জানিয়ে ইশরাক হোসেন স্পষ্ট করেছেন, এ ক্ষেত্রে দলীয় কর্মী হিসেবে তাঁর ভূমিকা অব্যাহত থাকবে।

Scroll to Top