October 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • জ্বালানি, ওষুধ ও জাহাজ নির্মাণে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-আলজেরিয়া

জ্বালানি, ওষুধ ও জাহাজ নির্মাণে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-আলজেরিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং জ্বালানি নিরাপত্তা, সার, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি (Abdelouahab Saidani)। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার উৎপাদন ও সরবরাহসংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎটি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে।

Scroll to Top