ডেস্ক রিপোর্টঃ
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সভায় গাজীপুর জেলা ও মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় সংশ্লিষ্টদের প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ এলাকার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।











