ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বহুমুখী করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে দুই দেশ। বিশেষ করে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং (Ajit Singh)। এ সময় তাঁরা বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার অজিত সিং ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে কানাডার দেওয়া ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। ভবিষ্যতে বাণিজ্যের পরিধি বাড়ানো এবং নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও তাঁরা একমত হন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার বিষয়টি উল্লেখ করেন হাইকমিশনার। এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্ত এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যৌথভাবে ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেন তাঁরা।
উভয় পক্ষ মনে করে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অনুকূল পরিস্থিতি তৈরি হলে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ ও কানাডার মধ্যে ষষ্ঠ দ্বিপক্ষীয় পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শ (Foreign Policy Consultations) আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। ঢাকায় বাংলাদেশ এ বৈঠকের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে। আসন্ন পরামর্শ সভায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ও ইতিবাচক ফলাফল অর্জনের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।











