November 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা (কমিউনিকেশন স্কিল) এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর, ২০২৬) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম ও চলমান শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিইউপিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top