November 14, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা কামনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের

অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা কামনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার।

সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, আর্থিক খাতে সুশাসন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যাংকিং খাতের সমস্যা মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ও বিএবির মধ্যে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ে, যা মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। তিনি দেশের উন্নয়ন এবং ব্যাংকিং খাতে সুশাসন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইনানুগ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সবুজায়নে ব্যাংকিং খাতের উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান আইজিপি।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্যাংকগুলোর সহযোগিতায় দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে মাদকবিরোধী সচেতনতা, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান, বিএবির ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের পক্ষে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা), ডিআইজি (অ্যাডমিন) মোঃ হুমায়ুন কবীর এবং অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।

Scroll to Top