ডেস্ক রিপোর্টঃ
‘ঢাকা, চলো বাইরে যাই’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর জলসিঁড়ির ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ উৎসব চলবে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত।
গুলশানের বাইরে এটিই দ্য ফ্লো ফেস্টের প্রথম আয়োজন। একই সঙ্গে এই উৎসবের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জ। প্রথম দিনেই স্কুলশিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।






উৎসবের ছয়টি পৃথক জোনে জুম্বা, ইয়োগা, অ্যানিম্যাল ইয়োগা, ফেন্সিং, বক্সিং, চিত্রাঙ্কন, অরিগামি, গল্প বলা, বাগান করা, সৃজনশীল লেখালেখি এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক উন্মুক্ত আলোচনা ‘শেয়ারাপি’র আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল কেবল বিনোদন বা সাংস্কৃতিক আয়োজন নয়; বরং এটি একটি অংশগ্রহণমূলক শিক্ষামূলক উদ্যোগ। আধুনিক বিজ্ঞান, মানসিক স্বাস্থ্যসেবা, প্রাচীন জীবনদর্শন ও পরিপূরক চর্চার সমন্বয়ে সুস্থ ও আনন্দময় জীবনযাপনের বিষয়ে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতার প্রয়োজনে সংকোচ ছাড়াই সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বলেন, কেউ কনসার্ট বা পিকনিকে অংশ নিতে এসে যদি নতুন কোনো চর্চা সম্পর্কে জানতে পারেন, নতুন বন্ধুত্ব গড়ে তুলতে পারেন কিংবা প্রয়োজনে সাহায্য চাওয়ার সাহস নিয়ে বাড়ি ফেরেন, তাহলেই এ আয়োজন সার্থক হবে। সুস্থতা কোনো বিলাসিতা নয়; বরং এটি সবার নাগালের মধ্যে থাকা জীবনযাপনের একটি ধরন হওয়া উচিত।
উৎসবের প্রথম দিন সকালে স্কুলশিক্ষার্থীদের জন্য ছিল ইনায়ার পরিচালনায় জুম্বা, জাহরার ইয়োগা সেশন, ফারিয়ার অ্যানিম্যাল ইয়োগা, ঢাকা জাঙ্গলের বাগানবিষয়ক কার্যক্রম এবং তন্ময়ের কার্টুন আঁকার কর্মশালা। এ ছাড়া গল্প বলা এবং সামিট কোরের উপস্থাপনায় চিত্র কারখানার আপসাইক্লিং কর্মশালাও অনুষ্ঠিত হয়।
বিকেলের আয়োজনে ছিল কল্পতরুর শাস্ত্রীয় নৃত্য, ইশের ‘সোল গ্রুভ’, ওহামার প্রতিকৃতি আঁকা, অরিগামি, সৃজনশীল লেখালেখি, সানজিদার বক্সিং এবং সিনার হুলা হুপ সেশন।
একাকী আসা দর্শনার্থীদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্ব গড়ে তুলতে আয়োজন করা হয় ‘স্পিড ফ্রেন্ডিং’। পাশাপাশি পুরুষদের মানসিক চাপ, আবেগ এবং প্রয়োজনে সহায়তা চাওয়ার বিষয়ে নাশিদের পরিচালনায় ‘মেনস টেবিল’-এর সঙ্গে বিশেষ ‘শেয়ারাপি’ আলোচনাও অনুষ্ঠিত হয়।
সংগীত আয়োজনেও ছিল বিশেষ আকর্ষণ। বিকেল ৪টায় পরশের বাউলসংগীত পরিবেশনার পর সন্ধ্যা সাড়ে ৫টায় কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরীর নেতৃত্বে ঢাকার জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস মঞ্চ মাতায়।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ইয়োগা ও মাইন্ডফুল আর্টের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এদিন আরও রয়েছে ম্যাট পিলাটিস, কিশোর-কিশোরীদের লেখালেখির কর্মশালা, ড. আরমান ও ডন সুমদানির আলোচনা এবং রিকশা আর্ট।
বিকেল ৪টায় বিকাশের উপস্থাপনায় আমিন হান্নানের স্ট্যান্ড-আপ কমেডি এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ব্যান্ড ক্যাসেটের কনসার্ট আয়োজনের সূচিতে রয়েছে।
উৎসবের শেষ দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এসওয়াইএম সোসাইটির ‘মর্নিং গ্রুভ’ দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি থাকবে ইউনি ফুটী টুর্নামেন্ট, ফ্লো করপোরেট চ্যালেঞ্জ, দুপুর ১টায় নারীদের আত্মরক্ষাবিষয়ক প্রশিক্ষণ, বিকেল ৩টায় পার্পল পোয়েট্রি এবং শাজিয়া ওমরের সঙ্গে সাহিত্য আলোচনা। সন্ধ্যা সাড়ে ৫টায় টিইউআইয়ের পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের উৎসবের পর্দা নামবে।
উৎসবজুড়ে দর্শনার্থীদের জন্য থাকছে ‘দ্য ফ্লো মার্কেট’। এখানে বিভিন্ন সুস্থতাবিষয়ক ব্র্যান্ড, ব্যবহৃত পণ্যের সাশ্রয়ী দোকান এবং খাবারের স্টল স্থান পেয়েছে। নতুন উদ্যোগ হিসেবে যুক্ত হয়েছে বেয়ার, ব্লসম ও ভর্তা ব্রোস।
১২ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত জলসিঁড়ির ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। এক দিনের প্রবেশমূল্য ৩৫০ টাকা এবং তিন দিনের পাসের মূল্য ৮৫০ টাকা। পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বিনামূল্যে।
দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে গুলশান-২-এর ফ্লো স্টুডিও থেকে বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে।
টিকিট বুকিং ও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে:
https://quicket.me/events/winter-flow
https://theflowfest.com/winterflow











