November 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যয়ে Flow Fest আয়োজন করতে যাচ্ছে উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল: শাজিয়া ওমর

সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যয়ে Flow Fest আয়োজন করতে যাচ্ছে উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল: শাজিয়া ওমর

Image

ডেস্ক রিপোর্টঃ

সুস্থ ও সুন্দর জীবনযাপনে সচেতনতা বাড়াতে ঢাকায় আয়োজন হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এ উৎসবে থাকছে স্বাস্থ্যসচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা, শরীরচর্চা, সৃজনশীলতা ও সামাজিক যোগাযোগবিষয়ক নানা আয়োজন।

এক ভিডিও বার্তায় Flow Fest-এর শাজিয়া ওমর এ উৎসবের বিস্তারিত তুলে ধরে বলেন, সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অভ্যাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। মানুষ যেন অসুস্থ হওয়ার পর চিকিৎসার পরিবর্তে আগে থেকেই নিজের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে পারে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, উৎসবে প্রায় ১০০টি ক্লাস ও কর্মশালার আয়োজন থাকবে, যেখানে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। এসব ক্লাসে পুষ্টিকর খাবার, ত্বকের যত্ন, হরমোনের ভারসাম্য রক্ষা, ব্যায়াম, মানসিক স্বাস্থ্য এবং ডায়াবেটিস ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হবে।

পাশাপাশি উৎসবে থাকবে প্রায় ১০০টি ভেন্ডর বা স্টল। এসব স্টলে স্বাস্থ্যকর পণ্য ও সেবা নিয়ে অংশ নেবে বিভিন্ন সচেতন ও পরিবেশবান্ধব ব্র্যান্ড, যাদের লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবনযাপনকে আরও স্বাস্থ্যকর ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা।

শাজিয়া ওমর বলেন, ঢাকার ব্যস্ত নগরজীবনে মানুষ অনেকটা বিচ্ছিন্ন ও আবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। সেই বাস্তবতা থেকে বেরিয়ে প্রকৃতির কাছাকাছি খোলা আকাশের নিচে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো এবং স্বাস্থ্যকর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই এ উৎসবের পরিকল্পনা করা হয়েছে। ঢাকার কেন্দ্র থেকে প্রায় ২০ মিনিট দূরের প্রাকৃতিক পরিবেশে উৎসবটি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উৎসবে অংশগ্রহণকারীদের জন্য চারটি বিশেষ জোন থাকবে। ‘মুভমেন্ট জোনে’ যোগব্যায়াম, নাচ, মার্শাল আর্ট, ঘোড়ায় চড়া, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও হুলা হুপিংসহ বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রমের আয়োজন থাকবে।

‘মাইন্ডফুলনেস জোনে’ ধ্যান, মানসিক স্বাস্থ্য, ভেগাস নার্ভ এবং প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। ‘ক্রিয়েটিভিটি জোনে’ থাকছে শিল্পকলা, সংগীত, সাহিত্য ও কবিতাভিত্তিক আয়োজন। অন্যদিকে, ‘কানেকশন জোনে’ অংশগ্রহণকারীদের পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন তৈরিতে শেয়ারিং থেরাপি, স্পিড ফ্রেন্ডিং এবং বিভিন্ন কনসার্টের আয়োজন থাকবে।

সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস (Nemesis) ও ক্যাসেট (Cassette) সংগীত পরিবেশন করবে।

শাজিয়া ওমর আরও বলেন, এ উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়; বরং সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং প্রকৃতির সান্নিধ্যে মানসিক ও শারীরিক প্রশান্তি খুঁজে পাওয়ার একটি সম্মিলিত উদ্যোগ।

তিনি ১২, ১৩ ও ১৪ নভেম্বর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আয়োজিত এ উৎসবে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণের জন্য সবার প্রতি আমন্ত্রণ জানান। তাঁর প্রত্যাশা, উৎসবে অংশ নিয়ে মানুষ সুস্থ জীবনযাপনের নতুন অভ্যাস সম্পর্কে জানতে পারবে এবং উপলব্ধি করবে—সুস্থ থাকাটাও আনন্দের।

Scroll to Top