November 10, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • সাইবার হুমকি মোকাবিলায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী সিঙ্গাপুর

সাইবার হুমকি মোকাবিলায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী সিঙ্গাপুর

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সাইবার নিরাপত্তা, প্রতারণা প্রতিরোধ, সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং সৌজন্য সাক্ষাৎ করেন। এটি ছিল তাঁর পরিচিতিমূলক (ইন্ট্রোডাক্টরি) সাক্ষাৎ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, সাইবার অপরাধ দমন এবং উদীয়মান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্তকরণ, সাইবার অপরাধ দমন এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান (ইন্টেলিজেন্স-লেড অপারেশন), ক্রাইসিস ম্যানেজমেন্ট, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় ও যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় মি. ফিলিপ অং বলেন, সাইবার হুমকি কোনো রাষ্ট্রীয় সীমানা মানে না; এ ধরনের অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা কেবল সহযোগিতা নয়, বরং এটি সম্মিলিত নিরাপত্তার ক্ষেত্রে একটি বিনিয়োগ।

আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top