November 8, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। শনিবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং নারী সদস্যদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি মহাসমাবেশে যোগ দেন।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশাল জনসমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে দেশের আট বিভাগ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেতন বৃদ্ধি, মোবাইল বিল এবং নারী সদস্য নিয়োগের নতুন ঘোষণা গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Scroll to Top