ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শনিবার (৭ নভেম্বর, ২০২৬) ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ পরিদর্শন করেছেন। এসএস এডিট (SS Edit) ও অরা এক্সিবিট (Aura Exhibit)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী এ প্রদর্শনী সন্ধ্যা ৭টা পর্যন্ত চলার কথা রয়েছে।

প্রদর্শনী পরিদর্শনকালে হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষস্থানীয় ডিজাইনারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের নান্দনিক সৃজনশীলতা, নকশা ও নিপুণ কারুশিল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ডিজাইনার ও উদ্যোক্তাদের প্রতি শুভকামনা জানিয়ে হাইকমিশনার আশা প্রকাশ করেন, এ ধরনের যৌথ ও সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।











