ডেস্ক রিপোর্টঃ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে মালিকপক্ষ থেকে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই রোববার মজুরি বোর্ড ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরও শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, মজুরি বোর্ড গঠনের ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকরা তাদের দাবির বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন। সরকার আজই মজুরি বোর্ড ঘোষণা করছে।
এ সময় শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি বিবেচনায় নিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করেছে।











