October 27, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • এআই প্রযুক্তিনির্ভর পর্যটনের বার্তা নিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

এআই প্রযুক্তিনির্ভর পর্যটনের বার্তা নিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশের পর্যটনশিল্পের বিকাশ, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থার প্রসারে আগামী ২৯ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে মেলার ১৪তম আসর চলবে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। এ প্রতিপাদ্যের মাধ্যমে পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রযুক্তিনির্ভর সেবা, পরিবেশবান্ধব পর্যটন এবং টেকসই গন্তব্য উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২৬) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।

আয়োজকেরা জানান, এবারের মেলায় ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। আন্তর্জাতিক এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “বিটিটিএফ আজ কেবল একটি প্রদর্শনী নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে উন্নীত হয়েছে। দেশীয় পর্যটনশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে বিটুবি (B2B) নেটওয়ার্কিং ও নতুন নতুন বাণিজ্যের দিগন্ত উন্মোচনে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা, দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিটিটিএফ ২০২৬-এ পর্যটন গন্তব্য, হোটেল-রিসোর্ট, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশি-বিদেশি উদ্যোক্তা ও সেবাদাতাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে এআই প্রযুক্তির ব্যবহার ও টেকসই পর্যটন উন্নয়নের ধারণা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও প্রধান মেলা সমন্বয়কারী মো. রাফেউজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পিআর) কামরুল ইসলাম, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার, টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাফত উদ্দিন আহমেদ, বিসিএফসিসির হেড অব সেলস রহমত আলী, টোয়াবের পরিচালক (মিডিয়া ও পিআর) মো. মিজানুর রহমান, পরিচালক (বাণিজ্য ও মেলা) আবুল বাসেত বাবু, সাবেক মেলা পরিচালক রেজাউল ইকরাম রেজা এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান।

আন্তর্জাতিক অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর পর্যটনের ধারণা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ নিয়ে বিটিটিএফ ২০২৬ দেশের পর্যটনশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।

Scroll to Top