October 19, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে ইতালি

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে ইতালি

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro)।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও ইতালির ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ও সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সংলাপ দুই দেশের সামরিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি সামগ্রিক দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top