ডেস্ক রিপোর্টঃ
পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস কাবাডি মাঠে জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি আমন্ত্রিত অতিথি ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগীদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতার নারী বিভাগের ফাইনালে কোতোয়ালি মডেল থানা দল নান্দাইল মডেল থানা দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে রানার্সআপ হয় নান্দাইল মডেল থানা দল। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন এবং ফুলবাড়ীয়া থানা দল রানার্সআপ হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দেয়।
খেলা শেষে প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি খেলাধুলায় সম্প্রীতি, কমিউনিটি পুলিশিংয়ে আস্থা এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।











