ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) বিকেল ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে, যা দুই দেশের পর্যটন খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ ক্ষেত্রে নেপালের লিগ্যাসি ক্যারিয়ার হিমালয়ান এয়ারলাইন্স (Himalaya Airlines) কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও নেপালের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।











