ডেস্ক রিপোর্টঃ
ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি জোরদার, সুশাসন নিশ্চিত এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি. (NRB Bank PLC.)-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) ঢাকার বনানী-১০-এ অবস্থিত ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Risk Management as Part of Bankers’ DNA’—অর্থাৎ, ঝুঁকি ব্যবস্থাপনাকে ব্যাংকারদের পেশাগত সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিএসডি-১০) ইস্তেকমাল হুসাইন। বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আবদুর রব। এ ছাড়া রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিএসডি-১০) মো. মাহফুজুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রিয়াজ খান। ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা সরাসরি সম্মেলনে অংশ নেন। অন্যদিকে, দেশজুড়ে ব্যাংকটির বিভিন্ন শাখা ও উপশাখার প্রতিনিধিরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন।
প্রধান অতিথি ইস্তেকমাল হুসাইন দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি সম্মেলনের প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে ঝুঁকি ব্যবস্থাপনাকে ব্যাংকিং কার্যক্রমের মূলধারায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের জন্য এনআরবি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক তদারকি, নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালন, ঝুঁকি শনাক্তকরণ এবং তা প্রশমনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহফুজুর রহমান ব্যাংকের কার্যক্রমের স্থিতিশীলতা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে যেসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, তা তুলে ধরেন।
এমডি ও সিইও তারেক রিয়াজ খান ব্যাংকে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি, নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালন এবং সুশাসন চর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসনে শীর্ষ নেতৃত্বের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের প্রভাব—‘Tone at the Top’—সম্পর্কে আলোকপাত করেন। পাশাপাশি, সম্ভাব্য ঝুঁকি যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি প্রতিকূল ও পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন, যাতে এনআরবি ব্যাংককে ঝুঁকি-সচেতন ও টেকসই ব্যাংক হিসেবে গড়ে তোলা যায়।
সম্মেলনের মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি. করপোরেট সুশাসন শক্তিশালী করা, ঝুঁকি সম্পর্কে আগাম সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।











