October 5, 2026

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে অটোচালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে অটোচালকদের সড়ক অবরোধ

Image

ডেস্ক রিপোর্টঃ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন অটোচালকরা। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

অটোচালকরা জানান, ব্যাটারি চালিত অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সড়কে অভিযান চালানোর নামে অটোচালকদের হয়রানি বন্ধ এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

চালকরা বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে তারা সড়ক থেকে সরে যাবেন না। এ কারণে জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটো চলাচল প্রায় বন্ধ রয়েছে। তেজগাঁও, রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশার সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম দেখা গেছে।

অটোচালকদের অন্যতম দাবি, সড়কে অভিযান পরিচালনার নামে তাদের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি অটোচালকদের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

Scroll to Top