November 18, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিআইআইএসএসের কান্ট্রি লেকচার অনুষ্ঠিত

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিআইআইএসএসের কান্ট্রি লেকচার অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘Strengthening Bangladesh-Germany Relations: Priorities and Future Directions’ শীর্ষক একটি কান্ট্রি লেকচার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। বুধবার (১৮ নভেম্বর) বিআইআইএসএস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট আলোচক ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ (Dr. Rüdiger Lotz)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির। আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি অ্যাম্বাসেডর এম. হুমায়ূন কবির। তিনি পরবর্তীতে আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং বহুমাত্রিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথমদিকের ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং প্রধান রপ্তানি গন্তব্যগুলোর একটি। ২০২৪ সালে জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বিপাক্ষিক রপ্তানি বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে।

তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, টেকসই সরবরাহ শৃঙ্খল এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ-জার্মানি সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (DAAD) বৃত্তি এবং বিভিন্ন শিক্ষা বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্রমবর্ধমান সুযোগের বিষয়টিও তিনি তুলে ধরেন।

মূল বক্তব্যের পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বাংলাদেশ-জার্মানি সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট, পারস্পরিক সহযোগিতার অগ্রাধিকার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও বহুমুখী করার বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।

কান্ট্রি লেকচারে কূটনৈতিক মহলের প্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য, শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Scroll to Top