November 18, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্রুত প্রত্যাবাসনের বিকল্প নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্রুত প্রত্যাবাসনের বিকল্প নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারি (Kelley Anne Eckels-Currie) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ প্রতিবেদক বাংলাদেশে তাঁর প্রথম সফরের অভিজ্ঞতা, কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর সম্পন্ন করায় বিশেষ প্রতিবেদককে অভিনন্দন জানান। একই সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান।

জবাবে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রোহিঙ্গাদের সঙ্গে তাঁর মতবিনিময় এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের বর্তমান মানবিক পরিস্থিতি, মানবিক সহায়তায় ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বিষয়ে নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মিয়ানমারের বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, তাদের কাছে বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা অত্যন্ত জরুরি।

বাংলাদেশের অব্যাহত মানবিক অঙ্গীকারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারের আদি নিবাসে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের বিচার এবং দায়বদ্ধতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণগুলো মোকাবিলায় অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করা অপরিহার্য।

এ সময় তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতিও বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান। তাঁর মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

Scroll to Top