ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর (COP31) সাইডলাইনে এসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির (Russell Dlamini) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১-এর ব্লু জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এসওয়াতিনির পর্যটন ও পরিবেশবিষয়ক মন্ত্রী জেন মখন্টা-সিমেলানে (Jane Mkhonta-Simelane) এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, সহজলভ্য ও পূর্বানুমেয় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জন এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ সময় এসওয়াতিনির প্রধানমন্ত্রী বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের জলবায়ু অগ্রাধিকারে সাদৃশ্য রয়েছে বলে উল্লেখ করেন। আনতালিয়ায় কপ৩১ থেকে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য আদ্দিস আবাবার কপ৩২ পর্যন্ত সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও জীবাণুবিয়োজ্য বিকল্প হিসেবে তুলে ধরে বলেন, জলবায়ু সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা তৈরিতেও পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসওয়াতিনিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগের প্রশংসা করে তিনি পাট ও পাটজাত পণ্যকে প্লাস্টিক ব্যাগের কার্যকর পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যবহারের প্রস্তাব দেন। এ ছাড়া কপ৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বৃত্তাকার অর্থনীতি, পুনর্ব্যবহার ও টেকসই উৎপাদনব্যবস্থার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে এসওয়াতিনিকে বাংলাদেশ থেকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী মূল্যের তৈরি পোশাক আমদানির আহ্বান জানান।
বৈঠকে স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প খাতেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসওয়াতিনির প্রধানমন্ত্রী দেশটির স্বাস্থ্য খাতের চাহিদার কথা তুলে ধরলে বাংলাদেশের শক্তিশালী ওষুধশিল্পের সক্ষমতার কথা উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ রপ্তানি করছে। এসওয়াতিনির স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি আশ্বস্ত করেন।
উভয় পক্ষ কমনওয়েলথের সদস্য এবং গ্লোবাল সাউথের অংশীদার হিসেবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বহুপক্ষীয় ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়ে তাঁরা একমত হন।
বৈঠকে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থেকে আরও জোরালো ও অব্যাহত সমর্থন দেওয়ার জন্য এসওয়াতিনির প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।











