November 14, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আনতালিয়ায় তারেক রহমান-অ্যান্থনি আলবানিজের দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আনতালিয়ায় তারেক রহমান-অ্যান্থনি আলবানিজের দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

Image

ডেস্ক রিপোর্টঃ

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (COP31)-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আনতালিয়ায় সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

রোহিঙ্গা সংকটের বিষয়েও বৈঠকে গুরুত্বসহকারে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।

এ ছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৃষি খাতের উন্নয়নে পারস্পরিক অংশীদারত্ব জোরদারের বিষয়েও আলোচনা করেন দুই দেশের সরকারপ্রধান।

বিশ্লেষকদের মতে, COP31-এর মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনের সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

Scroll to Top