ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান Highbury Group। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য উড়োজাহাজ লিজ দেওয়া এবং বিদ্যমান উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান Highbury Group-এর ব্যবস্থাপনা পরিচালক William Prothero। এ সময় তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
সাক্ষাৎকালে Highbury Group-এর ব্যবস্থাপনা পরিচালক বিমান ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত বিষয় যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ক্রমবর্ধমান কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Highbury Group-এর পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।











