ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মতো আন্তর্জাতিক ফোরামে তুরস্কের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আহ্বান জানান।
তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে তুরস্কের কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।











