ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটনশিল্পের বিকাশে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও পর্যটন ব্যক্তিত্ব পিপি রোটারিয়ান এইচ এম হাকিম আলী, পিএইচএফকে সম্মাননা স্মারক প্রদান করেছে রোটারি ক্লাব অব আগ্রাবাদ। তাঁকে ‘বাংলাদেশের পর্যটনশিল্পের জনক’ হিসেবে স্বীকৃতি দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) চট্টগ্রামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রোটারি ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবু ইসমাইল, পিএইচএফ আনুষ্ঠানিকভাবে হাকিম আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দীর্ঘ কয়েক দশকের পেশাগত জীবনে হাকিম আলী বাংলাদেশের হোটেল, আতিথেয়তা ও পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। হোটেল ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা, পর্যটন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
বর্তমানে তিনি হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি)-এর সভাপতি এবং Hospiasia.com-এর প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশের হোটেল ও পর্যটন খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারে কাজ করে যাচ্ছেন।
হাকিম আলীর পেশাগত জীবনের ভিত্তি গড়ে উঠেছে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে। ১৯৭২-৭৩ সালে তিনি অস্ট্রিয়ার সালজবুর্গের Schloss Klessheim থেকে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭৪-৭৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইথাকায় অবস্থিত কর্নেল ইউনিভার্সিটি থেকে হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিং বিষয়ে এক বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব হসপিটালিটির একজন ফেলো। প্রতিষ্ঠানটি পূর্বে হোটেল অ্যান্ড ক্যাটারিং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (HCIMA) নামে পরিচিত ছিল।
জাতীয় পর্যায়ের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও তাঁর অবদান স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালে হসপিটালিটি খাতে অসামান্য নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের (SATA) ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’ সম্মাননা অর্জন করেন।











