November 14, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পর্যটন শিল্পে তরুণদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)-আইএলও

পর্যটন শিল্পে তরুণদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)-আইএলও

Image

ডেস্ক রিপোর্টঃ

পর্যটন শিল্পে দক্ষ ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Unlocking Careers and Employment Opportunities for Tourism and Hospitality Management (THM) Students in Tourism Industry’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আইএলওর Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (ProGRESS) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং নবীন গ্র্যাজুয়েটদের সামনে পর্যটন শিল্পের বহুমুখী কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তুলে ধরা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ, প্রশিক্ষিত ও সেবামুখী মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের কর্মসংস্থানের সুযোগ শুধু হোটেল বা রিসোর্ট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। এভিয়েশন, ট্যুর অপারেশন, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্যুরিজম, বিপণন এবং উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার ব্যাপক সুযোগ রয়েছে।

প্রতিযোগিতামূলক কর্মবাজারে সফল হতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, বিদেশি ভাষায় পারদর্শিতা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, নেতৃত্বের গুণাবলি এবং পেশাগত নৈতিকতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রমের যথাযথ ফলোআপ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী অনেক শিক্ষার্থী শিল্পের বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা পান না। অন্যদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশিত দক্ষতা ও শিক্ষার্থীদের অর্জিত দক্ষতার মধ্যেও ব্যবধান রয়েছে।

তিনি বলেন, এ কর্মসূচি সেই ব্যবধান কমিয়ে শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কর্মসূচির সফলতা শুধু অংশগ্রহণকারীর সংখ্যা কিংবা আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে কতটা কার্যকর সংযোগ তৈরি হলো এবং ভবিষ্যতে কর্মসংস্থান, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা উন্নয়নের কতটা সুযোগ সৃষ্টি হলো, তার ওপরই প্রকৃত সফলতা নির্ভর করবে।

কর্মসূচিতে দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, নবীন গ্র্যাজুয়েট এবং শিক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়। এর অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতের নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় এবং পছন্দের কর্মক্ষেত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ। সরাসরি উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মাধ্যমেও জীবনবৃত্তান্ত জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

দিনব্যাপী কর্মসূচির কারিগরি অধিবেশনে পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত চ্যালেঞ্জ এবং ক্যারিয়ার উন্নয়নের সম্ভাবনা নিয়ে সাতটি বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় হোটেল ও আতিথেয়তা খাতে সেলস অ্যান্ড মার্কেটিং, ফুড অ্যান্ড বেভারেজ সেবা, ট্যুর গাইডিং ও ট্যুর অপারেশন, টিকিটিং ও রিজার্ভেশন, পর্যটন খাতে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এভিয়েশন শিল্পে কর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা উন্নয়ন এবং হোটেল ব্যবস্থাপনায় ফ্রন্ট ডেস্ক, হাউসকিপিং ও সেবামূলক পেশায় ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

এসব অধিবেশনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, স্যাবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড, অটার্কি ট্যুরস লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইনস, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং হোটেল শেরাটন ঢাকার অভিজ্ঞ পেশাজীবী ও প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, পর্যটন খাতে সফল ক্যারিয়ার গড়তে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, প্রযুক্তিগত দক্ষতা, ভাষাগত সক্ষমতা, পেশাদার আচরণ এবং উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। বিশেষ করে নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং পর্যটন খাতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যটন শিল্পের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হলে একদিকে যেমন দক্ষ মানবসম্পদের চাহিদা পূরণ হবে, অন্যদিকে তেমনি তরুণ প্রজন্মের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারিত হবে।

Scroll to Top