ডেস্ক রিপোর্টঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝা না চাপিয়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা অনুদান হিসেবে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন করে ঋণের প্রয়োজন নেই। কারণ, ঋণ এসব দেশের বিদ্যমান অর্থনৈতিক বোঝা আরও বাড়িয়ে দেয়। এসব দেশের প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা।
তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজনের পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায়ও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
ভাষণে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায়। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড (LEED) সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসারেও সরকার কাজ করছে। পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। একই সঙ্গে উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করা হচ্ছে।
COP31 সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ একটি সফল COP31 সম্মেলন প্রত্যাশা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।











