November 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-তুরস্ক

বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-তুরস্ক

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও তুরস্ক।

১৩ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত এ. বেরিস একিঞ্চি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, জিরো ওয়েস্ট বা শূন্য বর্জ্য ব্যবস্থাপনা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি দুই দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় কপ-৩১ সফলভাবে আয়োজনের জন্য তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রতি তুরস্ক সরকারের উষ্ণ আতিথেয়তারও প্রশংসা করেন তিনি।

তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাংলাদেশের নিজস্ব ৩আর (Reduce, Reuse, Recycle) কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের ওপরও গুরুত্ব দেন উভয় পক্ষ।

বৈঠকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে তুরস্কের সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ ইসলাম। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশবান্ধব ভোগ ও উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের পাটশিল্প বৈশ্বিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে সৌজন্য স্মারক হিসেবে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর হাতে পাট দিয়ে তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পসামগ্রী উপহার তুলে দেন শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও পরিবেশগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে।

Scroll to Top