ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল নিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) বিশেষ বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘Contemporary Netherlands: Its Foreign Policy, Security, Development Strategy, and Netherlands–Bangladesh Relations’ শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠিত হয়।
এতে এনডিসি কোর্স ২০২৬-এ অংশগ্রহণকারী ১০৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৭টি দেশের ৩১ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী ছিলেন। অংশগ্রহণকারীদের সবাই ব্রিগেডিয়ার জেনারেল, যুগ্ম সচিব অথবা সমমর্যাদার পদমর্যাদার কর্মকর্তা।
বক্তৃতা শেষে অনুষ্ঠিত প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে নেদারল্যান্ডসের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, উন্নয়ন অগ্রাধিকার এবং বৈশ্বিক বিষয়ে দেশটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
এনডিসি সফরকালে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুল রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অগ্রাধিকার এবং ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।











