November 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বরিশালে নারীদের দক্ষতা উন্নয়নে জাপানের সহায়তায় নতুন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন জাপানের রাষ্ট্রদূত

বরিশালে নারীদের দক্ষতা উন্নয়নে জাপানের সহায়তায় নতুন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন জাপানের রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে নবনির্মিত একটি কমিউনিটি স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) তিনি এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

জাপান সরকারের গ্রাসরুটস প্রজেক্টস (GGP) অনুদানের আওতায় ‘The Project for the Construction of a Community Skills Development Center in Agailjhara Upazila, Barishal District’ প্রকল্পের অধীনে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এতে জাপান সরকার ৭৭ হাজার ৪০২ মার্কিন ডলার অনুদান দিয়েছে। ট্রেনিং অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন (TARANGO) প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

দুইতলা বিশিষ্ট নতুন এ প্রশিক্ষণ কেন্দ্রে সাতটি সেলাই মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের নারীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সামাজিক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও কেন্দ্রটি ভূমিকা রাখবে।

আগৈলঝাড়া উপজেলা বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এ অঞ্চলের নারীদের শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগও তুলনামূলকভাবে সীমিত। ১৯৯০ সালে নির্মিত TARANGO-এর পুরোনো প্রশিক্ষণ কেন্দ্রটি দীর্ঘদিন ব্যবহারের ফলে জরাজীর্ণ হয়ে পড়েছিল এবং সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। জায়গার স্বল্পতার কারণে প্রতিবছর প্রায় ১৫০ জন আবেদনকারীকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া সম্ভব হতো না। একই সঙ্গে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিবেশও ছিল অপর্যাপ্ত।

নতুন কেন্দ্রটির মাধ্যমে প্রতিবছর প্রায় ২ হাজার ৮০০ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এখানে হস্তশিল্প ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (ICT) বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি জেন্ডার সচেতনতা, মেয়েদের শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় কেন্দ্রটি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। বন্যার সময় প্রায় ৩০০ স্থানীয় বাসিন্দা এখানে আশ্রয় নিতে পারবেন। ফলে দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “আমি আশা করি, এই কেন্দ্রটি এমন একটি জায়গায় পরিণত হবে, যেখানে নারী ও স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবেন।”

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে জাপান সরকার বাংলাদেশে গ্রাসরুটস প্রজেক্টস (GGP) কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২২৪টি এনজিও প্রকল্পে সহায়তা দিয়েছে। এসব প্রকল্পে মোট অনুদানের পরিমাণ প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। তৃণমূল পর্যায়ে মানবিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে জাপানের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Scroll to Top