ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদার করার লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা করেছেন বিমসটেকের (BIMSTEC) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে এবং শ্রীলঙ্কার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অধ্যাপক ক্রিশান্থা আবেসেনা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে মহাসচিব হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হতে যাওয়ায় এটি ছিল বিদায়ী সাক্ষাৎ।
সাক্ষাৎকালে বিমসটেকের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন (Science, Technology and Innovation) খাতে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি সম্প্রসারণ এবং কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করেন তাঁরা।
এ সময় বিমসটেক মহাসচিব বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন খাতসহ সংস্থাটির কর্মসূচির আওতাভুক্ত অন্যান্য ক্ষেত্রেও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে এ খাতে লিড মেম্বার স্টেট হিসেবে শ্রীলঙ্কার নেতৃত্ব ও সক্রিয় অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, বিমসটেক বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোট। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতা সম্প্রসারণ এ অঞ্চলের জ্ঞানভিত্তিক উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্ভাবনী উদ্যোগের নতুন সম্ভাবনা তৈরি করছে।











