ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (IFRC) নবনিযুক্ত হেড অব ডেলিগেশন সেভাল গুজেলকিলিঞ্চ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তাঁর পরিচয়পত্র (Letter of Credence) পেশ করেছেন।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ সরকার ও IFRC-এর মধ্যে মানবিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির IFRC-এর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে সরকারের আগ্রহের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (BDRCS) সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির অবদানের প্রশংসা করেন।
২০২৬ সালের জুলাই মাসে বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় IFRC-এর দ্রুত সাড়ার প্রশংসা করে তিনি দুর্যোগ মোকাবিলায় আরও শক্তিশালী প্রস্তুতি এবং আগাম সতর্কতাভিত্তিক কার্যক্রম (Anticipatory Action) গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদা এবং আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী IFRC-কে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান হলো তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন।
নবনিযুক্ত হেড অব ডেলিগেশন সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশের সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে IFRC-এর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর অগ্রাধিকারগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মানবিক সেবার পরিধি ও মান বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার, জরুরি দুর্যোগ সাড়াদান কার্যক্রমের উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও নিবিড় করা।
সাক্ষাতের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে IFRC-এর মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।











