ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
কপ৩১-এর সাইডলাইনে বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পরিবেশ, জলবায়ু, বাণিজ্য ও দক্ষ জনশক্তি বিনিময়ে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
গত ১৩ নভেম্বর কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনামন্ত্রী ফিতোরে প্যাকোল্লি-দালিপি। এ সময় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, পরিবেশ সুরক্ষা এবং এসব সমস্যা মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কসোভোর মন্ত্রী তাঁর দেশের বন্যা, পানি ব্যবস্থাপনা ও বায়ুর গুণগত মান নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বের ওপর জোর দেন।
জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। উভয় পক্ষ মনে করেন, বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ, রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময় এবং বাণিজ্য প্রতিনিধিদলের পারস্পরিক সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে পারে। এর মাধ্যমে রিসাইক্লিং, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে সহযোগিতার প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, কসোভোর যেসব খাতে দক্ষ পেশাজীবীর ঘাটতি রয়েছে, সেখানে বাংলাদেশের দক্ষ জনশক্তি কাজ করার সুযোগ পেতে পারে। কসোভোর মন্ত্রী এ প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য নোট করেন।
বৈঠকে কসোভোর পরিবেশমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের উষ্ণ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। তিনি কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের জৈব-পচনশীল বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব ব্যাখ্যা করেন। পাটজাত পণ্যের মান ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন কসোভোর মন্ত্রী।
এ ছাড়া কপ৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য কসোভোর পরিবেশমন্ত্রীকে আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে পাটের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনা সরেজমিনে দেখার আহ্বান জানান তিনি।











