November 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’

Image

ডেস্ক রিপোর্টঃ

সংগীত, শরীরচর্চা, মেডিটেশন, সৃজনশীল কর্মকাণ্ড এবং প্রকৃতির সান্নিধ্যে তিন দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে শেষ হয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’। গত ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর অদূরে জোলশিরির ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

‘ঢাকা, লেটস গো আউটসাইড’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য ছিল মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা, সচেতন জীবনযাপন, সৃজনশীলতা এবং পারস্পরিক সংযোগকে উৎসাহিত করা। পরিবার, বন্ধু-বান্ধব ও এককভাবে আসা দর্শনার্থীরা কর্মশালা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি সবুজ প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পান।

উৎসবের শেষ দিন শনিবার (১৫ নভেম্বর, ২০২৬) সকালে কোচ শাফিনের ‘ওয়েক আপ’ সেশন, গুঞ্জনের মেডিটেশন এবং এসওয়াইএম সোসাইটির ‘মর্নিং গ্রুভ’ আয়োজনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী মুভমেন্ট জোনে যোগব্যায়াম, জুম্বা, নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ, বক্সিং ও হিপহপসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ ছাড়া মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে উন্মুক্ত আলোচনার জন্য ‘শেয়ারাপি’ সার্কেলের আয়োজন করা হয়। এতে অংশ নেয় মনর আঙ্গন, ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক এবং প্রত্যয়। সৃজনশীল কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিকৃতি অঙ্কন, ট্যাপেস্ট্রি বুনন, গল্প বলা, কবিতা লেখা এবং চিত্র কারখানার উদ্যোগে আর্ট থেরাপির আয়োজন করা হয়। ঢাকা জাঙ্গলের উদ্যোগে বাগান পরিচর্যা ও গাছপালার যত্নবিষয়ক কার্যক্রমও দর্শনার্থীদের আকৃষ্ট করে।

উৎসবে লেখক শাজিয়া ওমরের অংশগ্রহণে সাহিত্যবিষয়ক আলোচনা, ‘স্পিড ফ্রেন্ডিং’, আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ‘ফ্লো করপোরেট চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, দলগত সহযোগিতা ও সামাজিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।

তিন দিনের উৎসবজুড়ে যোগব্যায়াম, নৃত্য, সাউন্ড হিলিং, শিল্পকলা, হস্তশিল্প এবং মানসিক সুস্থতাবিষয়ক বিভিন্ন আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি ‘ফ্লো মার্কেট’-এ খাবার, ওয়েলনেস পণ্য, ব্যক্তিগত পরিচর্যাসামগ্রী এবং দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।

উৎসবের সাংস্কৃতিক আয়োজনেও ছিল বৈচিত্র্য। প্রথম দিনের সমাপনীতে সংগীত পরিবেশন করে ব্যান্ড নেমেসিস। শুক্রবার পরিবেশনায় অংশ নেয় ক্যাসেট। আর শনিবার বিকেল সাড়ে ৫টায় টিইউআইয়ের বিশেষ কনসার্টের মধ্য দিয়ে তিন দিনের উৎসবের পর্দা নামে।

এবারের উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যালের অন্যতম বিশেষত্ব ছিল গুলশানের বাইরে জোলশিরিতে প্রথমবারের মতো ফ্লো ফেস্টের আয়োজন। একই সঙ্গে এটি ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে একটি প্রাথমিক উদ্বোধনী আয়োজন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎসবের বার্তা ছিল ‘টেন্ড টু ইয়োর টেম্পল’—অর্থাৎ নিজের শরীর ও মনের যত্ন নেওয়া এবং অন্যের প্রতিও যত্নশীল হওয়া। কর্মশালা ও শেয়ারাপি আলোচনার মাধ্যমে মানসিক সুস্থতা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংকোচ ছাড়াই প্রয়োজনের সময় সহায়তা চাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

উৎসবের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর উদ্বোধনী দিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “সুস্থতা কোনো বিলাসিতা হওয়া উচিত নয়। এটি এমন একটি জীবনধারা হওয়া উচিত, যা সবার জন্য সহজলভ্য।”

Scroll to Top