ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
রাশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO 2026)-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সামগ্রিক বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করার পাশাপাশি বাংলাদেশ দল জয় করেছে সিলভার মেডেল। বিশেষ গৌরবের বিষয়, দলের পাঁচ সদস্যের প্রত্যেকেই ব্যক্তিগত পদক অর্জন করেছে। এর মধ্যে দুটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ মেডেল রয়েছে।

গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভূগোল, ভূবিজ্ঞান, পরিবেশ, মানচিত্রবিদ্যা ও বৈজ্ঞানিক বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হয়।

ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের পক্ষে তানভীর সাদাত ও আরিফা আতিক মীম সিলভার মেডেল অর্জন করে। অন্যদিকে মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ এবং শাহরিয়ার নূর ব্রোঞ্জ মেডেল লাভ করে। পাঁচ সদস্যের প্রত্যেকের পদক অর্জন এবং সামগ্রিক ফলাফলে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন বাংলাদেশের শিক্ষাঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। তাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতা দলের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আহনাফ তাহমিদ উদ্দিন অলিম্পিয়াড চলাকালে দলের সঙ্গে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে রাশিয়ান হাউস ইন ঢাকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা, বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বাংলাদেশ-রাশিয়া শিক্ষাক্ষেত্রের সহযোগিতা জোরদারে প্রতিষ্ঠানটির উদ্যোগের অংশ হিসেবে এ অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।
অলিম্পিয়াডের অন্যতম আকর্ষণ ছিল ব্যবহারিক মাঠপর্যায়ের পরীক্ষা। গত ২৮ অক্টোবর রোজা খুতোর মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীরা পাহাড়ি ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, পাহাড়ি নদীর গভীরতা ও পানির প্রবাহের গতিবেগ পরিমাপ এবং পানির প্রবাহের পরিমাণ নির্ণয়ের মতো বাস্তবভিত্তিক কাজে অংশ নেয়। পাশাপাশি বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ ও বাতাসের গতিবেগ পরিমাপের মাধ্যমে আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণ সম্পন্ন করে।
এছাড়াও শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী দক্ষতা যাচাইয়ে ছিল নানা ধরনের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ। এর মধ্যে স্কিলিফট থেকে দূরত্বের ভিত্তিতে কফির মূল্যসূচক নির্ণয়ের মতো ব্যতিক্রমী কাজও অন্তর্ভুক্ত ছিল। এসব কার্যক্রমের মাধ্যমে দৈনন্দিন জীবনে ভৌগোলিক জ্ঞান ও বৈজ্ঞানিক বিশ্লেষণী দক্ষতার বাস্তব প্রয়োগ তুলে ধরা হয়।
বাংলাদেশ দলের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীরা ভূগোল ও ভূতত্ত্ব বিষয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছিল। কারণ বাংলাদেশের প্রচলিত স্কুল পাঠ্যক্রমে এসব বিষয়ে বিস্তারিত অধ্যয়নের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। তাদের এই বিশেষ প্রস্তুতি অপরিচিত প্রশ্নের উত্তর দেওয়া এবং বিভিন্ন ভৌগোলিক পরিস্থিতিতে বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে আত্মবিশ্বাস জুগিয়েছে।
একাডেমিক প্রতিযোগিতার বাইরেও MY-GEO 2026 বিভিন্ন দেশের তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দলগত কাজের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলা এবং সাংস্কৃতিক পরিচিতি বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। ফলে প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠে।
আন্তর্জাতিক শিক্ষা ও একাডেমিক সহযোগিতায় রাশিয়ার উদ্যোগ
রাশিয়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষার প্রস্তুতিমূলক কোর্স, একাডেমিক বিনিময় কর্মসূচি এবং বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের বিভিন্ন সুযোগ প্রদান করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে মেধাবী তরুণদের মানসম্মত শিক্ষা গ্রহণ, বৈজ্ঞানিক প্রতিভার বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের অধীনস্থ প্রতিষ্ঠান রাশিয়ান হাউস ইন ঢাকা দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে কাজ করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, বৃত্তির সুযোগ সম্পর্কে অবহিত করা, শিক্ষাবিষয়ক পরামর্শ প্রদান এবং আন্তর্জাতিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে আসছে।
MY-GEO 2026-এ বাংলাদেশের এই সাফল্য আন্তর্জাতিক একাডেমিক ও বৈজ্ঞানিক প্রতিযোগিতায় দেশের তরুণ প্রজন্মের অসাধারণ মেধা, সম্ভাবনা ও সক্ষমতার উজ্জ্বল স্বাক্ষর বহন করছে। বিশেষ করে দলের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত পদক অর্জন প্রমাণ করেছে, যথাযথ প্রস্তুতি, সুযোগ ও দিকনির্দেশনা পেলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রতিষ্ঠা করতে সক্ষম।
বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের এই গৌরবময় সাফল্য বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান, ভূগোল ও গবেষণাভিত্তিক শিক্ষায় আরও আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ অর্জন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।











