November 18, 2026

শিরোনাম

টুঙ্গিপাড়ায় এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

Image

ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একদল দুষ্কৃতিকারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক থানা ঘেরাও করে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

এদিকে সংসদ সদস্যের বাড়ি ও থানায় অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের একটি বড় দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরটি সদর উপজেলার খালেকবাজার এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের গতিরোধ করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

Scroll to Top