November 18, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের চূড়ান্ত বিধিমালা সুরক্ষার আশ্বাস দিলেন জাতীয় সংসদের হুইপ

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের চূড়ান্ত বিধিমালা সুরক্ষার আশ্বাস দিলেন জাতীয় সংসদের হুইপ

Image

ডেস্ক রিপোর্টঃ

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য প্রণীত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

হুইপ দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নারী-পুরুষের নিকাহর মতো একটি পবিত্র দায়িত্ব পালন করে থাকেন। ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধান কাজীদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছেন।

তিনি বলেন, বিগত সময়ে আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে অসম্মানিত করা হতো। কিন্তু মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, সত্য চিরকাল সত্যই থাকে। আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে রয়েছেন এবং সরকারও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।

আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।

হুইপ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবিটি তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। পাশাপাশি সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সে ব্যবস্থাও করার আশ্বাস দেন।

সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সদস্যরা বক্তব্য রাখেন।

Scroll to Top