ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ৭ম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সম্মেলনের সাইডলাইনে মন্ত্রী আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা (Mr. Toshiyuki Onuma) এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের (Panya Chupanich) সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন, আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা, বিমান নিরাপত্তা, দক্ষ জনবল সৃষ্টি, পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মন্ত্রী বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে আইসিএওর সহযোগিতা কামনা করেন। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা, বিশেষায়িত একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে টেকসই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন।
মন্ত্রী ১৩ বছরেরও বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক এয়ার ট্রান্সপোর্ট সম্মেলন আয়োজনের জন্য আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এ সময় আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন মার্কেট এবং খাতের উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। বৈঠকের শেষে মন্ত্রী আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের (Manat Chavanaprayoon) নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
কারিগরি সহযোগিতার অংশ হিসেবে মন্ত্রী সরকারি পর্যায়ে (G2G) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (FIU) সহযোগিতায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন এবং ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান। এ ধরনের সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বাংলাদেশের কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণসহ বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।











