ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের কৃষি-খাদ্য মূল্য শৃঙ্খলের উন্নয়ন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি করেছে নেদারল্যান্ডসের উদ্যোক্তা উন্নয়ন ব্যাংক FMO এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কৃষি-প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান PRAN।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) এ বিষয়ে একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এই অর্থায়ন সুবিধার আওতায় Banga Millers Limited এবং Pran Agro Limited-এর কার্যক্রমে বিনিয়োগ করা হবে।
অর্থায়নের মাধ্যমে আধুনিক খাদ্য-প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি স্থাপন, চুক্তিভিত্তিক কৃষি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে সহায়তা দেওয়া হবে।

এ অংশীদারত্বের মাধ্যমে কৃষি-খাদ্য খাতের পুরো মূল্য শৃঙ্খল—কৃষি উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ—আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আলু, চাল, আম ও টমেটোর চুক্তিভিত্তিক চাষে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এই অর্থায়ন।
FMO ও PRAN-এর এই অংশীদারত্ব বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











