October 5, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বিকাশে প্রযুক্তির কার্যকর ব্যবহার জরুরি: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বিকাশে প্রযুক্তির কার্যকর ব্যবহার জরুরি: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল ফাইন্যান্স, ফিনটেকের বিকাশ, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর একাডেমির এ. কে. এন. আহমেদ অডিটোরিয়ামে “Digital Finance, Fintech and Future of Banking in Bangladesh” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বর্তমান চিত্র, ক্রমবর্ধমান বিকাশ, সম্ভাবনা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর মাহমুদ। তিনি তার উপস্থাপনায় ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বর্তমান প্রবণতা, বাংলাদেশের আর্থিক খাতে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ব্যাংকিংয়ের দ্রুত প্রসার এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরেন।

পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শুনমান এরশাদ ফয়েজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলম, বিআইবিএম (প্রেষণ)-এর সিনিয়র ফ্যাকাল্টি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল বায় এবং নগদ লিমিটেডের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোতাছিন বিল্লাহ। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী।

প্যানেল আলোচনায় বক্তারা ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বিকাশ, উদ্ভাবনী আর্থিক সেবা এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ও যথোপযুক্ত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ‘One Person, One ID’, ডেটা ব্যবস্থাপনা ও নিরাপদ ডেটা শেয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং Interoperability নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী আর্থিক সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ডিজিটাল ফাইন্যান্স, ফিনটেক, ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। বক্তা ও প্যানেল আলোচকরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

Scroll to Top