October 7, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘দ্য গ্রেট টুনা গালা’য় মালদ্বীপ হাইকমিশনারকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর সম্পাদক

‘দ্য গ্রেট টুনা গালা’য় মালদ্বীপ হাইকমিশনারকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর সম্পাদক

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকায় মালদ্বীপ হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত ‘দ্য গ্রেট টুনা গালা—ফ্লেভার্স ফ্রম দ্য সানি সাইড’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’-এর সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, মালদ্বীপের অর্থনীতি, দ্বীপাঞ্চলের জনগোষ্ঠী ও সংস্কৃতির সঙ্গে সমুদ্রের গভীর সম্পর্ক রয়েছে। দেশটির অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ঐতিহ্যবাহী পোল-অ্যান্ড-লাইন পদ্ধতিতে টুনা আহরণ মালদ্বীপের টেকসই মৎস্য ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য।

বাংলাদেশের বাজারে মালদ্বীপের টুনা ও অন্যান্য মৎস্যপণ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ার ফলে পর্যটন, বাণিজ্য ও ব্যবসায়িক সম্পৃক্ততা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে মৎস্য ও পর্যটন খাতে সহযোগিতা আরও গভীর করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। টেকসই মৎস্য আহরণ ও পর্যটন উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও তিনি জানান। পাশাপাশি পর্যটন প্রচার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রায় ২৫০ অতিথির অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, পর্যটন ও মৎস্য খাতের অংশীজন এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top