ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার কথা তুলে ধরেন।

বৈঠকে প্রতিমন্ত্রীর আসন্ন দক্ষিণ কোরিয়া সফর নিয়েও আলোচনা হয়। সফরকালে তিনি দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
এ সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও পৌঁছে দেবেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী। হুমায়ূন কবির বলেন, তার আসন্ন কোরিয়া সফর দুই দেশের মধ্যে আগামী দিনে আরও বিস্তৃত পর্যায়ের যোগাযোগ ও সম্পৃক্ততার পথ সুগম করবে।

রাষ্ট্রদূত কিম জি-জুন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান। তিনি এটিকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA)-এর আলোচনা সম্পন্ন হওয়ার বিষয়টিও উঠে আসে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এ চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বাংলাদেশে আরও বেশি কোরীয় বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস এবং অন্যান্য উচ্চমূল্য সংযোজন ও প্রযুক্তিনির্ভর খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান অংশীদারত্বের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা জানান।
বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ককে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।











